জরিপ

আগাম নির্বাচন হলে পরাজিত হবে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০১:১৫ পিএম

ইসরায়েলে এখন নির্বাচন অনুষ্ঠিত হলে বিরোধী জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। একই সঙ্গে দেশটির অধিকাংশ নাগরিক মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত।

শুক্রবার প্রকাশিত জরিপটি প্রকাশ করে ইসরায়েলি দৈনিক মারিভ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান লাজার ইনস্টিটিউট ৫০২ জন ইসরায়েলির ওপর এ জরিপ পরিচালনা করে। এতে সম্ভাব্য ত্রুটির হার ধরা হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আগামী নির্বাচনে নেতানিয়াহুর ভূমিকা কী হওয়া উচিত। উত্তরে ৫৫ শতাংশ বলেন, তার রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদিকে ৩৮ শতাংশ চান তিনি লিকুদ পার্টির নেতৃত্বে থেকেই নির্বাচন করুন। বাকি ৭ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

জরিপের ফলাফলে দেখা গেছে, এখন নির্বাচন হলে বিরোধী শিবির ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে পারে।

মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা, লেবানন সীমান্ত পরিস্থিতি এবং দেশের ভেতরে সহিংসতা বাড়ার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল ওৎজমা ইয়েহুদিতের জনপ্রিয়তায়।

জরিপ অনুযায়ী, বর্তমানে ক্ষমতাসীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা কমে ৪৯ এ নেমে আসতে পারে। বিপরীতে বিরোধী জোট পেতে পারে ৬১টি আসন এবং আরব দলগুলো পেতে পারে ১০টি আসন।

এর আগের সপ্তাহে প্রকাশিত মারিভের আরেক জরিপে ক্ষমতাসীন জোটের সম্ভাব্য আসন ছিল ৫১, বিরোধী শিবিরের ৫৯ এবং আরব দলগুলোর ১০।

ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসন প্রয়োজন হয়।

এদিকে আগাম নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরোধী দল সংসদ ভেঙে দেওয়ার জন্য দুটি বিল উত্থাপন করার পর সরকারপক্ষও পাল্টা একটি বিল জমা দিয়েছে।

আগামী সপ্তাহে নেসেটে সংসদ ভেঙে দেওয়া এবং নতুন নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

বর্তমান নেসেটের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী অক্টোবরে। তবে সেপ্টেম্বরেই আগাম নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এম জি