রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্রের মহড়া চালাল বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৭:২৭ পিএম

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সহায়তায় নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রেক্ষাপটে এবার মাঠপর্যায়ে এ ধরনের অস্ত্র ব্যবহারের প্রস্তুতি মহড়া চালিয়েছে বেলারুশ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, এই মহড়ায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ, সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করা এবং সংশ্লিষ্ট সামরিক প্রক্রিয়া অনুশীলন করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাদের প্রস্তুতি যাচাই করাই ছিল এই অনুশীলনের প্রধান লক্ষ্য। এতে গোপন অভিযান পরিচালনা, দীর্ঘ দূরত্বে সরঞ্জাম পরিবহন এবং বাহিনী ও সরঞ্জামের কার্যকর ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৩ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র বেলারুশে রাখার বিষয়ে সম্মতি দেন প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। তবে এসব অস্ত্র ব্যবহারের পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোর হাতে থাকবে বলে আগেই স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুদ্ধ চলাকালে একাধিকবার পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেছে রাশিয়া, যা মূলত পশ্চিমা সমর্থনকে নিরুৎসাহিত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

গত সপ্তাহে পুতিন জানান, চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া নতুন প্রজন্মের সারমাত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এবং তাদের পারমাণবিক বাহিনীর আধুনিকায়ন চলমান থাকবে।

বেলারুশের দাবি, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি নয়। 

সূত্র: রয়টার্স

এম জি