মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না এবং তেহরানও বিষয়টি ভালোভাবে জানে। তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতির একটি সমাপ্তি খুব শিগগিরই দেখা যেতে পারে।
নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন। সেখানে তিনি ইরান ও ভেনেজুয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়েও কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সফল হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করা হয়েছে, যা ইরানবিরোধী অভিযানে হওয়া ব্যয়ের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক সুবিধা এনে দিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব যুক্তরাষ্ট্রের ইরান ও ভেনেজুয়াবিষয়ক সিদ্ধান্তকে কীভাবে মূল্যায়ন করছে, সেটিও গুরুত্বপূর্ণ।
এদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষকের ধারণা, প্রকৃত ব্যয়ের পরিমাণ এর চেয়েও বেশি হতে পারে।
সূত্র: দ্য ডন
এম জি