বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে বেঁচে যাওয়া ৩ ভারতীয় সেনা কর্মকর্তার সেলফি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০২:৩৭ পিএম

ভারতের লাদাখের লেহ অঞ্চলের পার্বত্য এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার পর অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। ঘটনাটি ঘটে গত ২০ মে।

সেনাবাহিনীর ব্যবহৃত পুরনো ‘চিতা’ মডেলের হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি এলাকায় উড্ডয়নের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ওই সময় হেলিকপ্টারে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং একজন মেজর জেনারেল ছিলেন। পাইলট হিসেবে দায়িত্বে থাকা দুই কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর, আর যাত্রী হিসেবে ছিলেন মেজর জেনারেল শচীন মেহতা। দুর্ঘটনায় তারা আহত হলেও প্রাণে রক্ষা পান।

দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের পাশে বসে তোলা তাদের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে পাথরের ওপর বসে আছেন তিন কর্মকর্তা।

ঘটনাটিকে অনেকেই ‘অলৌকিক বেঁচে যাওয়া’ হিসেবে উল্লেখ করছেন। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে এই ঘটনার পর আবারও পুরনো ‘চিতা’ হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৯৭০-এর দশকে তৈরি এসব হেলিকপ্টার দীর্ঘদিন ধরে ভারতের পাহাড়ি অঞ্চলে ব্যবহৃত হয়ে আসছে। অতীতেও এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, বিশেষ করে সিয়াচেন এলাকায় সামরিক অভিযানের সময়।

বর্তমানে ধাপে ধাপে পুরনো হেলিকপ্টার সরিয়ে নতুন দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা হেলিকপ্টার যুক্ত করার প্রক্রিয়া চলছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি নতুন ‘লাইট ইউটিলিটি হেলিকপ্টার’ ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে।

এএন