যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি শিল্পকারখানার রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ঘটনায় বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরে অবস্থিত একটি অ্যারোস্পেস প্লাস্টিক উৎপাদন কারখানার একটি বড় স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে যায়। এরপর ট্যাংকের ভেতর থাকা বিপজ্জনক গ্যাস বাইরে বের হতে শুরু করে। ওই ট্যাংকে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট ছিল, যা সাধারণত প্লাস্টিক ও বিমান যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।
ফায়ার বিভাগের প্রধান জানান, ট্যাংকটি যে কোনো মুহূর্তে ফেটে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং কখন তা ঘটতে পারে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।
ঝুঁকি বেড়ে যাওয়ায় শুধু গার্ডেন গ্রোভ নয়, পাশাপাশি সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক এবং ওয়েস্টমিনস্টার শহরের কিছু অংশ থেকেও জরুরি ভিত্তিতে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ট্যাংকটি বিস্ফোরিত হলে রাসায়নিক পদার্থ আশপাশের মাটি ও পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। সম্ভাব্য ক্ষতি রোধে উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করছেন, যাতে রাসায়নিক ড্রেন বা জলাশয়ে ছড়িয়ে না পড়ে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই গ্যাস শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথা ও বমি বমি ভাবের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।
প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলের দুটি ক্ষতিগ্রস্ত ট্যাংকের মধ্যে একটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে অন্যটি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
হঠাৎ করে ব্যাপক সংখ্যক মানুষকে ঘর ছাড়তে হওয়ায় অনেকেই কেবল প্রয়োজনীয় কাগজপত্র ও জরুরি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন। গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ৩৮ মাইল দক্ষিণে এবং ডিজনিল্যান্ড থিম পার্কের কাছাকাছি অবস্থিত। এলাকাটি তার বড় ভিয়েতনামি সম্প্রদায়ের জন্যও পরিচিত।
স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করেই তাকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়, যা ছিল অত্যন্ত আতঙ্কজনক পরিস্থিতি।
সূত্র: গালফ নিউজ
এম জি