হাওয়াই দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৪:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে শুক্রবার গভীর রাতে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। হোনাউনাউ-নাপুপু এলাকার আশপাশে সবচেয়ে বেশি কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের সময় হাওয়াইয়ের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। বিগ আইল্যান্ডে অবস্থিত কিলাউয়া আগ্নেয়গিরি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত, যা তখন নিবিড় নজরদারির মধ্যে ছিল।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে কিলাউয়া আগ্নেয়গিরিতে মাঝেমধ্যে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে। সংস্থাটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৭ মে’র মধ্যে আবারও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা থাকতে পারে বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের প্রভাব হাওয়াই ছাড়াও মাউই ও ওআহু দ্বীপ পর্যন্ত অনুভূত হয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি তৈরি হয়নি। পরিস্থিতি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

এম জি