যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৫১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর লক্ষ্যে আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তা অন্যত্র হস্তান্তরের বিষয়েও প্রাথমিক কাঠামোগত আলোচনা শুরু হয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সমঝোতার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে।

সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো অথবা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে।

এদিকে দ্য ইসরায়েল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কিছু বন্দর অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে।

তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। নিরাপত্তা ও কূটনৈতিক বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতি ঘিরে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। সেখানে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয় গুরুত্ব পাচ্ছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

এম জি