কঙ্গোর হাসপাতাল থেকে ১৮ ইবোলা রোগীর পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:৩৭ এএম

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্র ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মংবওয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসাধীন ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় হাসপাতাল পরিচালক ডা. রিচার্ড লোকুদি জানান, ক্ষুব্ধ বাসিন্দারা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ পরিচালিত চিকিৎসা তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কে রোগীরা ছুটোছুটি শুরু করলে অনেকেই পালিয়ে যায়।

এর আগে রোয়ামপারা শহরেও একটি ইবোলা চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। ইবোলায় মৃত এক ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করায় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে ডিআরসিতে ৮২টি নিশ্চিত সংক্রমণ ও সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া শতাধিক সন্দেহভাজন সংক্রমণ ও মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্থানীয় জনগণের আস্থা সংকটই এখন ইবোলা পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এম জি