মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হামলা সত্ত্বেও কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:১২ এএম

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার কারণে যুদ্ধবিরতির বিষয়ে সংশয় তৈরি হলেও, দু'দেশের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। ভারতের জয়পুর সফরে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন আশাবাদের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সরকারি সফরে জয়পুরে অবস্থানরত রুবিও জানান, কাতারের দোহায় দুই পক্ষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মূল চুক্তির প্রাথমিক খসড়ার নির্দিষ্ট কিছু ধারা ও শর্ত নিয়ে বর্তমানে নিবিড় আলোচনা চলছে। এই বিষয়গুলো চূড়ান্ত রূপ পেতে আরও কয়েক দিন সময় লেগে যেতে পারে। 

চুক্তি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প একটি ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদি চুক্তি করতে ভীষণ আগ্রহী। তবে সমঝোতা যদি মনের মতো বা উপযুক্ত না হয়, তাহলে কোনো চুক্তিই সই করা হবে না।

উল্লেখ্য, প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির আমেজ ভেঙে গত সোমবার ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনের কাজে নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ইরানের শীর্ষ প্রতিনিধি দল কাতারে পৌঁছানোর পরপরই এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

এই সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালি' কার্যত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইরান। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কো রুবিও বলেন, যেকোনো মূল্যে এই নৌপথ উন্মুক্ত রাখতে হবে। সেখানে ইরান যা করছে তা সম্পূর্ণ বেআইনি এবং বৈশ্বিক অর্থনীতির জন্য মোটেও গ্রহণযোগ্য নয়।

এএন