তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৩:১৮ পিএম

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে ঘিরে উত্তেজনা ছড়াল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনার একদিন পর এবার নিজের নির্বাচনী এলাকায় হামলার মুখে পড়লেন হুগলির শ্রীরামপুরের চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সকালে চণ্ডীতলায় ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে অভিযোগ জানাতে দলীয় কর্মীদের সঙ্গে থানার দিকে যাচ্ছিলেন তিনি। ট্রাফিক জটের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন দিক থেকে তার মাথায় কিছু ছুড়ে মারা হয় বলে অভিযোগ। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত সরিয়ে নেন।

ঘটনার পর মাথায় ব্যান্ডেজ বেঁধে তিনি অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে পাথর বা ক্রিকেট বল ছোড়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, এটি পরিকল্পিত হামলা এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এর আগের দিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিক্ষুব্ধ জনতার মধ্যে তাকে ঘিরে ধাক্কাধাক্কি, ডিম ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা তাকে হেলমেট পরিয়ে সেখান থেকে সরিয়ে নেন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুই ঘটনার পর তৃণমূল নেতৃত্বের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। তবে বিরোধী পক্ষের মতে, দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভের প্রকাশ হিসেবেই এসব ঘটনা ঘটছে। তারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে।

সূত্র: এনডিটিভি

এম জি