পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের বিনামূল্যে ভ্রমণ চালু 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৬, ১২:৪৫ পিএম

পশ্চিমবঙ্গে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ সুবিধা কার্যকর হয়েছে। রাজ্য সরকারের পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (১ জুন) থেকে এই কর্মসূচি চালু হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় নারী যাত্রীরা এসি ও নন-এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন। শুরুতে সরকারি স্বীকৃত যেকোনো পরিচয়পত্র প্রদর্শন করলেই বিনামূল্যের টিকিট দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সুবিধা আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নারী যাত্রীদের বিশেষ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

পরিবহন দফতরের তথ্য অনুযায়ী, কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি পরিবহন সংস্থার চালক ও কন্ডাক্টরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেবাটি চালুর প্রথম দিনে নারী যাত্রীদের উপস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন এলাকায় পরিবহন বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি বাস ব্যবহারকারী নারী যাত্রীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত যাতায়াতের খরচ কমাতে এই পদক্ষেপ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে সরকার গঠন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক পর্যায়ের মন্ত্রিসভা বৈঠকেই নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত সুবিধা চালুর সিদ্ধান্ত অনুমোদন করে।

এম জি