প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:০৭ এএম

ফিলিপাইনের পূর্ব উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের বিমানবাহী রণতরী বহর সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপান।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের রণতরী লিয়াওনিং এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ২৬ থেকে ২৮ মে পর্যন্ত ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমার কাছাকাছি অবস্থান করে। এ সময় নৌবহরটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে সক্রিয় টহল চালায়।

জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স জানায়, ওই সময় রণতরী থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মিলিয়ে প্রায় ১৭০ বার উড্ডয়ন ও অবতরণ মহড়া চালানো হয়। পরে চীনা নৌবহরটি জাপানের মিয়াকোজিমা দ্বীপের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৯০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার লিয়াওনিং রণতরীটি ফিলিপাইনের উপকূল বরাবর দক্ষিণ-পূর্ব দিকে এগোতে দেখা গেলেও পরবর্তীতে এর অবস্থান সম্পর্কে নতুন তথ্য পাওয়া যায়নি।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রণতরীটির গতিবিধি পর্যবেক্ষণ করছে। তাদের দাবি, গত এপ্রিল মাসে এটি তাইওয়ান প্রণালি অতিক্রম করেছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও ফিলিপাইনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের নৌ-তৎপরতা বাড়ছে। সাম্প্রতিক এই মহড়াও তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

এম জি