ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্তের পথে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৩০ পিএম

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে দিল্লিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, চুক্তির প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন যে চুক্তির ৯৯ শতাংশ কাজ ইতিমধ্যে প্রস্তুত। এখন কেবল ছোটখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কিছু আইনি পরিবর্তন চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে পর্যালোচনা চলছে। তবে খুব দ্রুতই প্রথম ধাপের বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য আলোচনাকে আরও এগিয়ে নিতে একটি মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে ভারতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন যে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছিল, যার মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্য বিরোধের সমাধান করা। গত বছর রুশ তেল আমদানিকে কেন্দ্র করে মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, আগামী পাঁচ বছরে জ্বালানি, প্রযুক্তি ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে ভারত ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯.৪ বিলিয়ন ডলার।

জেএইচআর