বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত রয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকের জন্য আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত না থাকলেও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।
সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশে অবস্থানকালে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
এম জি