রয়টার্সের প্রতিবেদন

যে এক শর্ত মানলে ইরানকে ২০ বিলিয়ন ডলার দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:৪৩ এএম

সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলা বন্ধের লক্ষ্যে কয়েক বিলিয়ন ডলার ছাড় দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত চলাকালে আমিরাতে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির অর্থনীতি ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতির মুখে পড়ে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা শুরু হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার ছাড়ে সম্মত হয়েছে এবং এর মধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে আরও দুটি সূত্রের দাবি, চূড়ান্ত অঙ্ক ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

তবে অর্থের উৎস নিয়ে স্পষ্টতা নেই। অর্থগুলো আমিরাতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে নাকি দেশটির ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানি সম্পদ থেকে ছাড় করা হচ্ছে—তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এদিকে আমিরাতের এক কর্মকর্তা বলেছেন, তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি সংঘাতের প্রভাব থেকে জনগণকে রক্ষায় যুক্তরাষ্ট্রসহ সব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থনের কথা জানান।

সূত্রগুলো আরও জানিয়েছে, এই সমঝোতার আওতায় ইরান আমিরাতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

তবে শনিবার ভোরে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অর্থ ছাড়ের খবর সরাসরি অস্বীকার করে বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল আমিরাতের মাধ্যমে ছাড়, স্থানান্তর বা ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি এবং এ সংক্রান্ত অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

এএন