দুবাইতে ধেয়ে আসা ‘মিসাইল অ্যালার্ট’, আতঙ্ক ছড়ানোর পর বিপদ মুক্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১০:১৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের বাসিন্দারা হঠাৎ করেই মুঠোফোনে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলার একটি জরুরি সতর্কবার্তা পেয়েছেন। আকস্মিক এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে বা কোন উৎস থেকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের স্থানীয় বাসিন্দাদের মোবাইলে হঠাৎ মিসাইল হামলার এই উচ্চ সতর্কবার্তাটি ভেসে ওঠে। তবে এই ভীতিপ্রদ বার্তাটি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। ক্ষেপণাস্ত্র সতর্কতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না জানিয়েই দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ‘বিপদ কেটে যাওয়ার’ ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পর কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে আরেকটি বার্তা পাঠানো হয়, যেখানে ‘পূর্ববর্তী সতর্কবার্তাটি সম্পূর্ণ উপেক্ষা করার’ অনুরোধ জানানো হয়।

মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল দুবাইতে প্রথম কোনো মোবাইল সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এই ভুল সতর্কবার্তাটি দুবাইয়ের বাসিন্দাদের রীতিমতো চমকে দিয়েছিল এবং ক্ষণিকের জন্য হলেও বড় ধরনের যুদ্ধ শুরুর আবহ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো প্রক্রিয়াটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কর্তৃপক্ষের ধারণা, এটি কোনো কারিগরি ত্রুটি বা ভুলবশত হওয়া অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা হতে পারে।

সূত্র: এনডিটিভ

জেএইচআর