যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি নতুন পাসপোর্টের একটি নমুনা ছবি শেয়ার করেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে—স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!”
প্রকাশিত নমুনা পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পের একটি বড় প্রতিকৃতি দেখা গেছে। এর পেছনের অংশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর সংযুক্ত রয়েছে। আর বিপরীত পাতায় রয়েছে বিখ্যাত শিল্পী জন ট্রাম্বুলের আঁকা ‘দ্য ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ চিত্রকর্মটি। জানা গেছে, ট্রাম্পের নতুন এই প্রতিকৃতিটি মূলত মার্কিন সরকারি ভবনে থাকা তাঁর প্রতিকৃতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই নতুন পাসপোর্টটি চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত আগের নকশা থেকে সম্পূর্ণ ভিন্ন।
পরবর্তীতে হোয়াইট হাউসের অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। সেখানে ছবির ক্যাপশনে লেখা হয়, আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন মার্কিন পাসপোর্ট।
সীমিত সংস্করণের এই বিশেষ স্মারক পাসপোর্টটি প্রথম ঘোষণা করা হয়েছিল গত এপ্রিলে। এতে বিশেষ শিল্পকর্ম এবং সামনের, পেছনের ও ভেতরের কভারে নতুন নকশা সংযোজন করা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকে সরাসরি পাসপোর্ট নবায়নকারীদের জন্য ডিফল্ট সংস্করণ হিসেবে এই স্মারক পাসপোর্ট দেওয়া হবে। তবে অনলাইনে বা অন্য কোনো পাসপোর্ট অফিস থেকে আবেদনকারীরা আপাতত আগের সাধারণ নকশার পাসপোর্টই পাবেন।
জেএইচআর