ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:২৩ পিএম

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান ও মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে একটি গাড়ি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইরানের রাষ্ট্র-সমর্থিত বিভিন্ন গণমাধ্যম এবং আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইয়াজদ থেকে কেরমান প্রদেশের দিকে যাওয়ার পথে আকবরজাদেহর বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা তাকে দ্রুত একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী ছিল, তা এখনো জানানো হয়নি। ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মোহাম্মদ আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশেষ করে হরমুজ প্রণালী, নৌবাহিনীর প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে ইরানের সামরিক অবস্থান সম্পর্কে তার বক্তব্য নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হতো।

২০২৬ সালের শুরুতে নৌচলাচল নিষেধাজ্ঞা সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এদিকে, এমন সময়ে এই দুর্ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। হরমুজ প্রণালীর আশপাশে আইআরজিসির নৌ ও উপকূলীয় সামরিক সক্ষমতা, ড্রোন ও তেলবাহী জাহাজকে কেন্দ্র করে সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপ এবং প্রতিশোধমূলক বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আকবরজাদেহর মৃত্যু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এএন