কয়েকদিনেই ৪ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের পর দুই সপ্তাহেরও কম সময়ে ৪ কোটি (৪০ মিলিয়ন) ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এ তথ্য জানিয়েছেন।

বুধবার আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দেন এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার দেখিয়ে দিয়েছে যে, সামরিক শক্তির সমর্থনে পরিচালিত কূটনীতি বাস্তব এবং ইতিবাচক ফল এনে দিতে সক্ষম। তার মতে, এ ঘটনাই প্রমাণ করে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতার সমন্বয় কার্যকর হতে পারে।

তবে তিনি স্পষ্ট করে জানান, ইরানের নিরাপত্তার মূল ভিত্তি তার সামরিক শক্তি। সে কারণে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা সামরিক সক্ষমতা কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না।

পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গেও অনড় অবস্থানের কথা জানান গালিবাফ। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার এবং এ অধিকার থেকে তেহরান সরে আসবে না।

এ ছাড়া তিনি জানান, সমঝোতা স্মারকের আওতায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা প্রয়োজনে বাড়ানো হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন গালিবাফ।

সূত্র: আল-জাজিরা

এএন