বিদেশিদের জন্য সৌদি আরবে জমি কেনার সুযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:৪৯ পিএম

বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে সম্পত্তি মালিকানার ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় বিদেশিরা মাত্র একটি শর্ত পূরণ করে দেশটিতে জমি, বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি কিনতে পারবেন।

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সম্পত্তি ক্রয়-বিক্রিয়ার পুরো প্রক্রিয়াকে আরও নিরাপদ ও স্বচ্ছ করতে ‘সৌদি প্রপার্টি’ নামে একটি একীভূত অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো সম্পত্তি লেনদেনের আগে ক্রেতা ও বিক্রেতা- উভয়কেই এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে লেনদেনের তথ্য সংরক্ষণ ও যাচাই সহজ হবে। এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

বিদেশিদের সম্পত্তির মালিকানা দেওয়ার আইন ২০২৫ সালের জুলাইয়ে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারি থেকে আইনটি কার্যকর হয়। সৌদি সরকারের চলমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য রিয়েল এস্টেট খাতে গতি আনা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা।

নতুন নীতিমালার আওতায় বিদেশিরা রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহর ও গভর্নরেটে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। তবে দুটি পবিত্র নগরী মক্কা ও মদিনার ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা কেবল মুসলিম ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া যেসব সৌদি কোম্পানিতে বিদেশি শেয়ারধারী রয়েছে, তারাও নির্ধারিত শর্ত অনুযায়ী সেখানে সম্পত্তির মালিক হতে পারবে।

রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে বিভিন্ন এলাকার ভৌগোলিক তথ্য, উন্নয়ন পরিকল্পনা এবং সম্ভাবনাময় বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বচ্ছ পরিবেশে সম্পত্তি ক্রয়-বিক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এএন