৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৫৩ পিএম

চাকরিজীবনে বিপুল পরিমাণ ঘুষ নেওয়ার দায়ে এক সাবেক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম ইয়াং ইউলিক (৬৯)। গত ৩০ বছরের কর্মজীবনে তিনি ২ দশমিক ২ বিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকা) ঘুষ নিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। চীনের দক্ষিণাঞ্চলীয় চাংঝৌ শহরের একটি আদালত এই রায় দেন।

প্রতিবেদন অনুসারে, ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইয়াং ইউলিক নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সময়ে তিনি অর্থ ও মূল্যবান সামগ্রীর বিনিময়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে অন্যদের প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের সুবিধা পেতে সহায়তা করতেন। ঘুষ গ্রহণের পাশাপাশি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। অবৈধভাবে অর্জিত তাঁর এই সম্পদের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। গত সোমবার (৬ জুলাই) মামলার রায়ে আদালত বলেন, ইয়াং তাঁর কর্মজীবনের বেশির ভাগ সময় নানজিংয়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন–সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেছেন। তিনি ‘অত্যন্ত গুরুতর’ অপরাধ করেছেন এবং তাঁর কর্মকাণ্ড ‘রাষ্ট্র ও জনগণের স্বার্থে ব্যতিক্রমী মাত্রার ক্ষতি’ করেছে।

চীনে আর্থিক দুর্নীতির মামলায় সরাসরি মৃত্যুদণ্ডের নজির খুব বেশি না থাকলেও, বিশেষ করে এক বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ জড়িত থাকলে আদালত কঠোরতম এই শাস্তি দিয়ে থাকেন। এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক প্রতিষ্ঠানপ্রধান লাই জিয়াওমিন এবং ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংকে শত শত কোটি টাকা দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইয়াং আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। তবে তাঁর অপরাধের গুরুত্ব এতটাই বেশি ছিল যে, আদালত তাঁকে কোনো প্রকার লঘু শাস্তি বা ছাড় দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন।

জেএইচআর