তুরস্কে সদ্যসমাপ্ত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশ নেওয়া বিশ্বনেতাদের এক ব্যতিক্রমী ও চমকপ্রদ বিদায়ী উপহার দিয়েছে আয়োজক দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পক্ষ থেকে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানকে একটি করে পুরোনো ধাঁচের ঐতিহ্যবাহী রিভলভার ও গুলি উপহার দেওয়া হয়। সম্মেলন শেষে নিজ দেশে ফিরে লাগেজ খোলার পর এমন উপহার দেখে বিস্মিত হয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভারসহ বেশ কয়েকজন বিশ্বনেতা।
বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে এই উপহার হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, বিশ্বমঞ্চে তুরস্কের ক্রমবর্ধমান আধুনিক প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও ঐতিহ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমী উপহার বেছে নিয়েছেন এরদোয়ান।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উপহার হিসেবে দেওয়া অস্ত্রটি তুরস্কের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই (MKE) নির্মিত অত্যন্ত বিরল ‘গুমুসায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার। ১৯৯০-এর দশকে তৈরি এই বিশেষ অস্ত্রটি বর্তমানে অস্ত্র সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান ও বিরল নিদর্শন হিসেবে বিবেচিত।
মূল্যবান এই রিভলভারটি তুরস্কের জাতীয় পতাকা ও ন্যাটোর লোগোসংবলিত একটি আকর্ষণীয় কাঠের বাক্সে সাজানো ছিল। বাক্সের ওপর তুর্কি ও ইংরেজি ভাষায় খোদাই করে লেখা ছিল, ‘আমাদের দেশে তৈরি প্রথম রিভলভার ধরনের হ্যান্ডগান’। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র জানান, সম্মেলনে অংশ নেওয়া সব নেতাই একই ধরনের রিভলভার পেয়েছেন এবং প্রতিটির গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল।
অনিন্দ্যসুন্দর এই উপহারটি পেয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা আইনি ও নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ভিন্ন ভিন্ন ব্যবস্থা নিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার নিরাপত্তার স্বার্থে তাঁর পাওয়া রিভলভারটি ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে জমা দিয়েছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির কার্যালয় জানিয়েছে, তাদের পাওয়া অস্ত্রটি শুল্ক প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় কোষাগারে নিরাপদে সংরক্ষণ করা হবে, এটি ব্যবহারের কোনো পরিকল্পনা নেই।
নেদারল্যান্ডস ও সুইডেন সরকার জানিয়েছে, তাদের রিভলভারগুলো আপাতত আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। নেদারল্যান্ডস অস্ত্রটি স্থায়ীভাবে অচল বা ব্যবহার অযোগ্য করে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপহারের সঙ্গে একটি পরিষ্কার করার কিট এবং ৫০০টি গুলিও দেওয়া হয়েছে বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র নিশ্চিত করেছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলভারটি সরকারি ভবন পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে রাখা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং গ্রিসের প্রধানমন্ত্রী তাদের পাওয়া রিভলভারগুলো নিজ নিজ দেশের সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করেছেন।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অভিনব উপহারের মাধ্যমে তুরস্ক কেবল কূটনৈতিক সৌজন্যই দেখায়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক ও ক্ষুদ্র অস্ত্র উৎপাদনের সক্ষমতাও জানান দিয়েছে। জেনেভাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্মল আর্মস সার্ভে’-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ক্ষুদ্র অস্ত্র রপ্তানিতে বৈশ্বিক বাজারে তুরস্কের অবস্থান ছিল তৃতীয়।
জেএইচআর