ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি দ্বীপ থেকে ফিরে আসার পথে পর্যটক বহনকারী একটি স্পিডবোট দুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটকের পাশাপাশি ৪ জন ক্রু সদস্য ছিলেন। দক্ষিণাঞ্চলের ফু কুওক দ্বীপের কাছাকাছি হন মাই রুট নগোয়াই দ্বীপ থেকে ফেরার সময় উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে নৌযানটি উল্টে যায়।
দুর্ঘটনার পর আশপাশে থাকা মাছ ধরার নৌকা ও অন্যান্য স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে অংশ নেয়। পরে সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরাও উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধারকারীরা জানান, বেশ কয়েকজন যাত্রী স্পিডবোটের ভেতরে আটকে পড়ায় অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকতভিত্তিক পর্যটন গন্তব্য। এর দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত হন মাই রুট দ্বীপ সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির জন্য সুপরিচিত। প্রতি বছর দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক এই দ্বীপে ভ্রমণ করতে যান।
এম জি