ইরানে পানির পাম্পিং স্টেশনে মার্কিন হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১১:১২ এএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরে একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এ হামলায় একজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

সোমবার প্রকাশিত আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, ভোরের দিকে মাহশাহরের ওই স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার ঘটনায় পাম্পিং স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিহত হন এবং চারজন আহত হন।

খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কৃষি কাজে ব্যবহৃত পানি সরবরাহকারী পাম্পিং স্টেশনটিই হামলার লক্ষ্যবস্তু ছিল। ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।

খুজেস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি সেবা ও চিকিৎসা বিভাগের কর্মীরা তাদের চিকিৎসা দিচ্ছেন এবং শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।

এদিকে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি বার্তা সংস্থা মেহের ও ফার্স নিউজ এ তথ্য জানালেও, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে, দ্বীপটিতে আঘাত হানে। তার দাবি, এসব হামলার লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো এবং এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার রাতজুড়ে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার অভিযোগ তোলে তেহরান। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটি।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 

সূত্র: আল জাজিরা

এএন