শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশ। রোববার (১২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা।
ভূমিকম্পের পর সৃষ্ট আতঙ্কে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি সরকারি ভবন, হাসপাতাল এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসির বুয়োল রিজেন্সি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পনটি ব্যাপকভাবে অনুভূত হয়। শুধু সেন্ট্রাল সুলাওয়েসিই নয়, পাশের গোরোনতালো প্রদেশের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পান বাসিন্দারা। হঠাৎ কম্পনে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে রাস্তায় নেমে আসেন।
বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিকভাবে একটি হাসপাতাল, কয়েকটি সরকারি ভবন, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তিনি আরও জানান, ভূমিকম্পের পর প্রধান হাসপাতালটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত রোগীদের বহুতল ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়। তবে তার মৃত্যুর পেছনে আতঙ্কজনিত পরিস্থিতিই দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, দুর্গম এলাকাসহ পুরো অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ কার্যক্রম চলছে। যেসব মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে এসেছেন, তাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এএন