সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের ইরানশাহর অঞ্চলে নিহত সেনাদের প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে বলেও তারা দাবি করেছে।
শুক্রবার প্রকাশিত ‘অপারেশন নাসর-২’-এর ১৯তম বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোডনামে পরিচালিত অভিযানের মাধ্যমে সিরিয়ার আল-তানফে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানশাহরের বাম্পুর এলাকায় নিহত সেনাদের স্মরণে এ অভিযান পরিচালিত হয়েছে।
আইআরজিসির দাবি, হামলায় একটি রাডার ব্যবস্থা এবং একাধিক বিশেষ অভিযান পরিচালনায় ব্যবহৃত হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে বলেও তারা দাবি করেছে। তবে এসব দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ওই অঞ্চল দিয়ে তেল ও গ্যাস রপ্তানি বন্ধ রাখার অবস্থান বজায় থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
সূত্র: মেহের নিউজ
এএন