লোহিত সাগরে সৌদির দুই ট্যাংকারে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০২:২৭ পিএম

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের ট্যাংকার দুটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

হুতিদের ভাষ্য, হামলার পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের জনগণের ওপর অবরোধ বজায় রেখেছে। এর জবাবে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করা হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন লাগে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

এর আগে চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার কথা জানায়। তখন তারা সতর্ক করে বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদিসংশ্লিষ্ট কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

এম জি