সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৪৫ পিএম

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের পথ উন্মুক্ত হবে।

মার্কিন জ্বালানি বিভাগ এক বিবৃতিতে জানায়, দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান একটি ‘দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি’র পাশাপাশি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’তে সই করেছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই সমঝোতার ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সৌদি আরবের বেসামরিক পারমাণবিক অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আইনি ভিত্তিতে অংশ নিতে পারবে।

তবে চুক্তিটির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, চুক্তিটি এমন সময়ে সামনে এলো যখন ইরানকে নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পর্যায়ে সংঘাত ও কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে। ফলে নতুন এই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

এম জি