টানা ১৩ রাতের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, আহভাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১১:৫৩ এএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনের বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করলেও নিহতদের পরিচয় বা হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা ইরানে টানা ১৩তম রাতের মতো সামরিক অভিযান সম্পন্ন করেছে। সেন্টকমের পক্ষ থেকে আরও বলা হয়, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের তৈরি করা হুমকি কমানোর উদ্দেশ্যেই এই অভিযানগুলো চালানো হচ্ছে।

সেন্টকমের পক্ষ থেকে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে যাতায়াত করছে।

অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, শহরের তাপেহ আল্লাহু-আকবার আবাসিক এলাকায় এই হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।

জেএইচআর