মোদি সরকারকে সিজেপির ২৪ ঘণ্টার আল্টিমেটাম 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (CJP)। সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানিয়ে দিয়েছে, এই দাবি থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ দুই প্রতিনিধি।

বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর (FIR) প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগত সম্মতি জানিয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো সমঝোতা হবে না।

সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব FIR প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের আন্দোলনের অন্যতম প্রধান ও আপসহীন দাবি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বেলা ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরকারকে।

তিনি আরও জানান, সরকারের অনুরোধে শনিবার পর্যন্ত যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে সিজেপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কাও সতর্ক করে বলেন, সরকার দাবি না মানলে সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানান, চলমান সংকটের সমাধানে শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতের দাবিতে শিক্ষার্থী ও তরুণদের এই আন্দোলন মোদি সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।

সূত্র: দ্য হিন্দু

এম জি