৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের আলোকে এ ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন পাবেন।
নিয়োগের শর্তানুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নিয়োগপ্রাপ্তরা দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন। প্রয়োজনে সরকার এ সময় আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে।
শিক্ষানবিশকালে কেউ চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা যাবে। বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, চাকরি থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতি পাওয়ার আগে কোনো কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার কাছে পাওনা সব অর্থ আদায় করা হবে এবং বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগের পর কারও বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। এ ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করলে বা করার অঙ্গীকারবদ্ধ থাকলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া ও না দেওয়ার অঙ্গীকারনামা জমা দিতে হবে। একই সাথে স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শর্ত মেনে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে, অন্যথায় নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
ইএইচ