নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০১:৫৭ পিএম

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয় তার নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিআরইউ/ইএইচ