ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হস্তান্তর করে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনের নথিপত্র বর্তমানে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত কার্যক্রম এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তদন্ত প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পাশাপাশি তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা, সাংবাদিক শাহরিয়ার কবিরসহ গণমাধ্যম ও বুদ্ধিজীবী অঙ্গনের আরও কয়েকজন ব্যক্তি।
প্রসিকিউশন জানিয়েছে, আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
এম জি