ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৫১ পিএম

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দেওয়ার ঘটনায় ফারজানা তমাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

শুক্রবার সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে আটক করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

পুলিশের তৎপরতার কারণে দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ আরও একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজিল, ফারজানা তমাসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বের একটি মামলার আপস করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ১০ লাখ টাকা দাবি করেন। হুমকির মুখে বাদী বিভিন্ন স্থান থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের হাতে তুলে দেন। তবে বাকি ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে।

ঘটনার আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন। তারা সেখানে দেলোয়ার হোসেনকে ‘মামলা থেকে অব্যাহতি’ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমকি-ধমকির মাধ্যমে পরিবারটিকে বাকি অর্থ দিতে বাধ্য করার চেষ্টা করা হয়।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে পরবর্তী দিন উত্তরা জসিম উদ্দিন এলাকা থেকে তানজিল ও ফারজানা তমাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে তারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও করেছিল। এছাড়া, ফজলুর রহমানকে নিয়ে স্লোগান দেওয়া মেয়েটিই হলেন সমন্বয়ক ফারজানা তমা।

ইএইচ