গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, ওই আলোচনায় ড. ইউনূসকে নতুন সরকারপ্রধান হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি দেন নাহিদ।
জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত বছরের ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই দিনই ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে সরকারের পক্ষ থেকে কারফিউ ও দমন-পীড়নের আশঙ্কা, মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং হত্যা বা গুমের সম্ভাবনার কারণে কর্মসূচি এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারণ করা হয়।
তিনি আরও জানান, ৫ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করার লক্ষ্যে সমন্বয়কদের পক্ষ থেকে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগ করেন মাহফুজ আলম। একইদিনে নতুন সরকার গঠনের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাঁকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ চলে। তবে তা শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজ পর্যন্ত মুলতবি করেন। বৃহস্পতিবারের কার্যক্রমে নাহিদ ইসলাম অবশিষ্ট সাক্ষ্য প্রদান করেন। দুপুরের পর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
ইএইচ