১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

আদালত প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৬:৩৫ পিএম

বিগত আওয়ামী লীগ শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-তে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।”

এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার।

ব্যারিস্টার এম সরোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “আমি গুমের অভিযোগে যে মামলা করেছি, তার মধ্য থেকে আসামি এই ১৫ জনের মধ্যে রয়েছে। এ ছাড়াও এরকম ঘটনায় বার কাউন্সিল আইন অনুযায়ী আমি তাদের পক্ষে আইনি লড়াই করতে পারবো না। ফলে এই ১৫ জনের পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।”

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে রয়েছেন।

ইএইচ