ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১১:০১ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ আজ নির্ধারিত হতে পারে। 

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করবেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে সকাল ৯টার পর কড়া নিরাপত্তাবেষ্টিত প্রিজনভ্যানে করে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এ মামলার অন্তর্ভুক্ত রয়েছেন।

উল্লেখ্য, আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে নিজ দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। মামলাটি বর্তমানে রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ইএইচ