ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:২০ পিএম

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

বুধবার ট্রাইব্যুনালে গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিলের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

তদন্তে পাওয়া তথ্যের বরাতে চিফ প্রসিকিউটর বলেন, ২০১২ সালে রাজধানীর বনানী থেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে অপহরণের পর গুম করা হয় এবং পরবর্তীতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সংস্থারি কাছে এই হত্যাকাণ্ডে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ এসেছে।

তাজুল ইসলাম আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে জিয়াউল আহসানের বিরুদ্ধে একশোরও বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্তে এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষকে গুম ও হত্যার তথ্য প্রসিকিউশনের হাতে এসেছে। আদালত এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন জনপ্রিয় এই নেতা। তৎকালীন সরকার এই ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তদন্তে এই রোমহর্ষক সত্য বেরিয়ে এলো। জিয়াউল আহসান বর্তমানে সেনাবাহিনীর চাকরি হারিয়ে কারাগারে রয়েছেন।

ইএইচ