শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর নির্দেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০১:১৫ পিএম

র‌্যাবের টর্চার সেল বা টিএফআই সেলে গুম এবং অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

আজ সকাল ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজিরকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (পিআরএল), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

মামলায় পলাতক ৭ জন আসামির মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

পূর্বে অভিযোগ গঠনের দিন ২১ ডিসেম্বর নির্ধারিত থাকলেও তিনজন আসামির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির আবেদন করায় ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেছিলেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ আবেদনের আপত্তি জানিয়েছিলেন। শুনানিতে আসামিপক্ষ অব্যাহতি চাইলেও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে যুক্তি দেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গত ৩ ডিসেম্বর শুনানি শেষে টিএফআই সেলের বীভৎস পরিস্থিতি তুলে ধরে জানানো হয় যে, দীর্ঘ ১৬ বছর পর এক নতুন বাংলাদেশ উদিত হয়েছে। গত ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এই ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ বিচার শুরুর আদেশের মাধ্যমে মামলাটি পরবর্তী ধাপে প্রবেশ করল।

জেএইচআর