ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি কবিরের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কবির এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রথম দফার ৭ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ফেরার পথে পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার প্রধান সহযোগী কবিরকে গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে র্যাব গ্রেপ্তার করেছিল।
পুলিশের দাবি, রিমান্ডে কবিরের কাছ থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেপথ্যের কুশীলবদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইএইচ