হাদি হত্যা মামলা: জব্দকৃত কার্তুজের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৪৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জব্দকৃত আলামতসমূহের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ফায়ার কার্তুজ ও বুলেট সদৃশ বস্তুর ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়ার আবেদন করেন। 

মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক আগ্নেয়াস্ত্র সম্পর্কে নিশ্চিত হতেই এই বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানাধীন বিজয়নগর এলাকায় প্রচারকাজ শেষে ফেরার পথে চলন্ত রিকশায় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর ২০ ডিসেম্বর আদালত এতে হত্যার ধারা (দণ্ডবিধির ৩০২) সংযোজনের অনুমতি দেন। 

মামলার এজাহার অনুযায়ী, আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে অনুসরণ করে হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে পালিয়ে যায়।

ইএইচ