নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:২৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। 

শনিবার তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর আসাদুজ্জামান জানান, তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। ইতোমধ্যেই তার পক্ষে স্থানীয় বিএনপি নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত ৫ নভেম্বর তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে, নির্বাচনে লড়ার জন্য তিনি সময়মতো পদ ছেড়ে দেবেন। আজ সেই সিদ্ধান্তের চূড়ান্ত বাস্তবায়ন ঘটল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। দায়িত্ব গ্রহণের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। 

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরলেন। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনাও দেওয়া হয়।

ইএইচ