একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের একটি হাইকোর্টে বেঞ্চ।
বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানান।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন- রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি।’
এর আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ তার যুক্তিতে বলেন, সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন সরকার’- এমন কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই। ফলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তিনি মনে করেন, কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এএন