রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার এমন নির্দেশ দেন আদালত।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানায়, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়।
উল্লেখ্য, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।
এএন