ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংক পিএলসিতে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান এসব আবেদন করেন।
তাপসের আবেদনে বলা হয়, মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে তাপস দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার সম্পদের মালিক হয়েছেন। তার নামে ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়, যা বর্তমানে তদন্তাধীন। আসামি তাপস যেন ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে টাকা তুলতে না পারেন, সেজন্য সেগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন।
আরেক আবেদনে বলা হয়, আসামি আফরিন তাপস ও তার স্বামী শেখ ফজলে নূর তাপস পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার মূল্যের সম্পদের মালিক হয়েছেন। আফরিনের ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও তিন লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যা তদন্তাধীন। আসামি আফরিন যেন ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে না পারেন, সেজন্য সেগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন।
এম জি