আইনমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বেশিরভাগই মিথ্যা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৩১ পিএম

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব মামলার একটি বড় অংশই বাস্তবে মিথ্যা বলে প্রতীয়মান হয়।

শনিবার সকালে মানবাধিকার সংগঠন ওএমসিটি এবং অধিকার আয়োজিত ‘নির্যাতন প্রতিরোধ’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আদালতে আসা নারী নির্যাতন সংক্রান্ত অনেক মামলার ক্ষেত্রে দেখা যায়, প্রকৃত ঘটনা নয় বরং আইনের অপব্যবহার করা হচ্ছে। স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যসহ অন্যদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়েরের প্রবণতা রয়েছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করেও প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করার জন্য এ ধরনের মামলা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নির্যাতন বন্ধ করা সম্ভব নয়, এর জন্য সামাজিক সম্পৃক্ততা ও সচেতনতা জরুরি।

মো. আসাদুজ্জামান জানান, সরকার যেকোনো গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায় এবং একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করে।
সভায় তিনি গত দুই মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

এম জি