নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:২৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ৭ মে ঘোষণা করা হবে।

রোববার অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মামলায় গ্রেফতার আসামিরা হলেনকার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

অন্যদিকে, নানক ও তাপসসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা উসকানি ও প্ররোচনার পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন।

এম জি