প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির মনিরা শারমিন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৩১ পিএম

সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচন কমিশনের (ইসি) তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন দাখিল করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আবেদন জমা দিতে দুপুরে তিনি নিজেই হাইকোর্টে উপস্থিত হন।

এর আগে ২৩ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কারণ হিসেবে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন।

পরবর্তীতে ২৬ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। তবে পরদিন দীর্ঘ শুনানির পর কমিশন তার আপিল খারিজ করে দেয়।

মনিরা শারমিনের হলফনামা অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছাড়েন। সেই হিসেবে চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর সময় পূর্ণ হয়নি, মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে।

এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন। পরে সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি এখন হাইকোর্টে রিট আবেদন করেছেন।

এম জি