মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মিরপুর এলাকায় জুলাই আন্দোলনের সময় মো. সাগর নামে এক যুবকের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এই আবেদন করা হয়েছিল।
বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে মমতাজ বেগমের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম জামিনের আবেদন উপস্থাপন করেন।
শুনানিকালে আইনজীবী রেজাউল করিম দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, মামলার এজাহারে মমতাজ বেগমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণও নেই। এ কারণে তিনি জামিন পাওয়ার আইনগত অধিকার রাখেন।
তিনি আরও যুক্তি দেন, মমতাজ বেগম একজন সাবেক সংসদ সদস্য এবং দেশের লোকসংগীত অঙ্গনের সুপরিচিত শিল্পী। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের দমনে অন্য আসামিদের সঙ্গে তিনি অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন, তবে এর পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়নি।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এম জি