জবি ছাত্রকে হত্যাচেষ্টা মামলা, সাবেক ডিজিএফআই পরিচালক ফের ৩ দিনের রিমান্ডে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:০২ এএম

জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে গুলি করে ‘হত্যাচেষ্টা’র মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরের দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষ হওয়ার পর শুক্রবার আফজাল নাছেরকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হক আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি দিলেও আসামিপক্ষ জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলায় আফজাল নাছেরকে দফায় দফায় ৩৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ২৯ মার্চ রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি দেলোয়ার হোসেন হত্যা মামলা, বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা এবং উত্তরা এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন।

অনিক কুমার দাসের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা মহানগর দায়রা জজ আদালতের সামনে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অনিক গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে গত ২১ নভেম্বর তিনি কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, আফজাল নাছের ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর